Suryavanshi Chandravanshi
🚩 সূর্যবংশী ও ভারতীয় পুরাণঃ
অমিতাভ বচ্চনের 'সূর্যবংশম', সলমন খান অভিনীত ' সূর্যবংশী' বা সম্প্রতি রিলিজ হওয়া অক্ষয় কুমারের সিনেমা ' সূর্যবংশী', ভারতের বীর ক্ষত্রিয় রাজা, যোদ্ধা বংশ বোঝাতে সূর্যবংশ এবং চন্দ্রবংশ এই দুই বংশের কথা অনেক শুনি। শুধু সিনেমা নয়, এদের কথা উল্লেখ আছে অনেক বই, সিরিয়াল, নাটকে। জানলে অবাক হবেন, এই দুই বংশে জন্ম নিয়েছিলেন রামায়ণ ও মহাভারত খ্যাত ক্ষত্রিয় যোদ্ধারা। রাম, কৃষ্ণ, পান্ডব, কৌরব - এই দুই বংশে জন্ম নিয়েছিলেন। আসুন, আজ জেনে নেওয়া যাক, কিভাবে এই দুই বংশের সূচনা হল এবং এই দুই বংশের নামকরণ কেন সূর্য এবং চন্দ্রের নামে রাখা হল?
.................#সূর্যবংশ এবং #চন্দ্রবংশ...................
ব্রহ্মা নিজের মন থেকে সৃষ্টি করেছিলেন তার মানসপুত্রদের। এই মানসপুত্র এবং তাদের বংশধররাই সমগ্র দেব, অসুর, মানুষ, সকল জীব জন্তুর জন্ম দিয়েছেন। ব্রহ্মার এক মানসপুত্রের নাম মারীচি। এনার পুত্র ছিলেন কশ্যপ। ব্রহ্মা নিজের দেহ থেকে নয় পুত্র সৃষ্টি করেছিলেন (মৎস্যপুরাণ)। এদের একজন হলেন দক্ষ। তার ১৩ কন্যার সাথে কশ্যপের বিবাহ হয় (দক্ষের এক কন্যা সতী, মহাদেবের স্ত্রী)। এই ১৩ জন ছাড়াও কশ্যপের আরো কয়েকজন স্ত্রী ছিলেন। কশ্যপমুনি ও তাঁর স্ত্রীদের গর্ভে জন্ম নিয়েছিল সকল দেব, অসুর ও অন্যান্য জীবজন্তু। যেমন, অদিতির গর্ভে জন্ম হয় ১২ পুত্র যাদের একত্রে ১২ আদিত্য বলা হয়। এছাড়াও অদিতির ১১ পুত্র ছিল যারা একাদশ রুদ্র, এবং আরো আট পুত্র ছিল যারা অষ্ট বসু নামে পরিচিত। ১২ আদিত্যের মধ্যে একজন হলেন সূর্য, যার দুই পুত্র হলেন অশ্বিনীকুমারদ্বয়। ১২ আদিত্য, ১১ রুদ্র, ৮ বসু, ২ অশ্বিনীকুমার - এই ৩৩ জন হলেন দেবতা (যাদের আমরা ৩৩ কোটি দেবতা বলি)।
[ প্রসঙ্গত, 'দেবতা' এটি একটি পদ মাত্র। এই পদে ব্যক্তিবিশেষ মনোনীত হন এবং নির্দিষ্ট সময় পর দেব পদে ব্যক্তি পরিবর্তন হয়। যেমন, ব্রহ্মার এক দিন বা এক কল্পে ১৪ মন্বন্তর থাকে। প্রতি মন্বন্তরে দেবতা সংখ্যা, দেবতার পদে নিযুক্ত ব্যক্তি, ইন্দ্র ও সপ্তর্ষিমন্ডল পদে ব্যক্তিগণ পরিবর্তন হয়। ব্রহ্মার এখনকার দিনটিতে ৭ম মন্বন্তর চলছে, যেটি বৈবস্বত মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরে ১২ আদিত্য, ১১ রুদ্র, ৮ বসু, ২ অশ্বিনীকুমার - এই ৩৩ জন হলেন দেবতা। পরের অষ্টম মন্বন্তর সাবর্ণিক মন্বন্তরে মোট ৬০ জন দেবতা হবেন]
সূর্য ছিলেন ১২ আদিত্যের একজন। তিনি দেবতা পদে অধিষ্ঠিত। অষ্ট বসুদের একজন প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা-র সাথে সূর্যের বিবাহ হয়। সূর্য এবং সংজ্ঞার সন্তানরা হলেন- যম, যমুনা, অশ্বিনীকুমারদ্বয়, রেবন্ত এবং বৈবস্বত। ব্রহ্মার বর্তমান মন্বন্তরে বৈবস্বত হলেন মণু। বৈবস্বত মণুর দশ পুত্রের মধ্যে প্রধান হলেন ইক্ষাকু এবং এবং এক কন্যা হলেন ইলা। সূর্যপুত্র বৈবস্বতের পুত্র ইক্ষাকু যে বংশ প্রতিষ্ঠা করেছিলেন সেই বংশই সূর্যবংশ নামে খ্যাত। ইক্ষাকুর বংশে জন্মেছিলেন রামচন্দ্র।
অপরদিকে, বৈবস্বতের কন্যা ইলা পূর্বে এক পুরুষ ছিলেন। তখন তার নাম ছিল সূদ্যুম্ন। একদিন সেই পুরুষ এক অরণ্যে প্রবেশ করলেন। সেই অরণ্যে শিব-পার্বতী বাস করতেন। শিব ব্যতীত কোনো পুরুষ সেই অরণ্যে প্রবেশ করলে নারীতে পরিনত হত। সূদ্যুম্ন অরণ্যে প্রবেশের সাথে সাথে নারীতে পরিনত হলেন। পরে মাতা পার্বতীর আশীর্বাদে তিনি একমাস পুরুষ থাকলেন এবং পরের মাসে ইলা নাম্নী এক নারী হতেন। চন্দ্র এবং তারা-র পুত্র বুধ ইলাকে বিবাহ করেন। বুধ এবং ইলার এক পুত্র জন্মায় যার নাম ছিল পুরুরবা। চন্দ্রের পৌত্র পুরুরবা যে বংশের সূচনা করেন, সেই বংশের নাম হয় চন্দ্রবংশ। পুরুরবার পুত্রদের মধ্যে একজন ছিলেন আয়ু৷ আয়ুর পুত্র ছিলেন নহুষ, নহুষের পুত্র যযাতি৷ যযাতির পুত্রদের মধ্যে একজন ছিলেন যদু, যিনি যাদব বংশের প্রতিষ্ঠাতা। এই যাদব বংশেই জন্ম নেন শ্রীকৃষ্ণ। যযাতির অপর পুত্র পুরু। পুরুর বংশধররা হলেন কৌরব, পান্ডব।
এইভাবে বৈবস্বত মণুর পুত্রেরা, যারা মানব নামে পরিচিত ছিলেন, তারা দুই প্রধান বংশে বিভক্ত হলেন।
🖋️লেখায়ঃ Prasenjit Adak
© Knowledge Tree Education
(ছবিটি সংগৃহীত)
সাথে থাকুনঃ
🔴 Youtube👉 www.youtube.com/KNOWLEDGETREEIndia
🔴Facebook 👉 Knowledge Tree Education
🔴I nstagram👉 www.instagram.com/knowledge.tree.education
🔴 Twitter👉 www.twitter.com/KnowledgeTreeIn
#Email👉 mail2knowledge.tree@gmail.com
#knowledgeTreeEducation
🔴 Read more: https://prasenjitmythology.blogspot.com
https://knowledgetreeindia.blogspot.com
#suryavanshi #chandravanshi #indianmythology #mythology #KnowledgeTreeEducation #KnowledgeTreeMythology #puran #mahabharat #ramayan #hindumythology
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন